মহান বিজয় দিবসের কনসার্ট

দেশের জনপ্রিয় সব সংগীতশিল্পী ও ব্যান্ডের অংশগ্রহণে হয়ে গেল মহান বিজয় দিবসের কনসার্ট। গতকাল সোমবার রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ কনসার্টের আয়োজন করে ‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি সংগঠন। বিএনপির উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় সম্প্রতি এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

গতকাল দুপুরের পর শুরু হওয়া এই কনসার্ট রাত ১১টার কিছু আগে শেষ হয়। কনসার্টের পুরোটা সময় গানের তালে তালে বিজয়ের উৎসবে মাতেন হাজারো দর্শক-শ্রোতা। দর্শক–শ্রোতার ভিড় ও চাপ সামলাতে হিমশিম খেতে হয় আয়োজক ও স্বেচ্ছাসেবকদের।কনসার্টের শুরুতে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী কার্যক্রম নিয়ে লেখা প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এসব গান পরিবেশন করেন শিল্পী ইথুন বাবু ও মৌসুমী চৌধুরী। বেলা সোয়া দুইটার দিকে মঞ্চে ওঠেন প্রীতম হাসান। তিনি ‘খোকা’, ‘হাতে লাগে ব্যথারে’, ‘উরাধুরা’র মতো শ্রোতাপ্রিয় গানগুলো পরিবেশন করেন।সরেজমিনে দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাজার হাজার মানুষের ভিড়। অনেকেই বন্ধু-পরিজন নিয়ে কনসার্টে যোগ দেন। কারও কারও সঙ্গে ছোট শিশুরাও ছিল। রাস্তায় দাঁড়ানোর জায়গা না পেয়ে তরুণদের অনেকেই সড়ক বিভাজকে থাকা গাছের ডালে বসে কনসার্ট দেখেন।বেলা তিনটার পর মঞ্চে ওঠেন শিল্পী আলম আরা মিনু। তিনি পরিবেশন করেন ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’ ও ‘সোনা দানা দামি গহনা’ গানগুলো। মনির খান পরিবেশন করেন ‘চিঠি লিখেছে বউ আমার’ ও ‘এই বুকে বইছে যমুনা’। সাড়ে তিনটার পর কনকচাঁপা পরিবেশন করেন ‘তোমায় দেখলে মনে হয়’ ও ‘সাগরিকা বেঁচে আছে তোমারই ভালোবাসায়’ গান দুটি।