(ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ ও তাঁর স্ত্রী শিরিন আক্তারের ব্যাংকের হিসাব স্থগিত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ ও তাঁর স্ত্রী শিরিন আক্তারের নামে থাকা ব্যাংকের হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সব ব্যাংকে চিঠি দিয়ে তাঁদের হিসাব জব্দ করতে বলা হয়েছে। এ ছাড়া তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে। ওই চিঠিতে মোহাম্মদ হারুন অর রশীদের ছেলে, মেয়ে, মাতা, পিতা, ভাই ও বোনের হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে আজ রোববার এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে দিয়েছে। এ নির্দেশনার ফলে এসব হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। চিঠিতে মোহাম্মদ হারুন অর রশীদ ও তাঁর স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ও জন্মতারিখ উল্লেখ করা হয়েছে।