লা লিগায় শুভসূচনা পেয়েছে বার্সেলোনা। রবার্ট লেভানডফস্কির জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ২–১ গোলে হারিয়েছে তারা। প্রতিপক্ষের মাঠে বার্সা অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল। পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা।
ভ্যালেন্সিয়ার মাঠে ফ্রেঙ্কি ডি ইয়ং, গাভি ও রোনাল্দ আরাউহোদের ছাড়াই মাঠে নামে বার্সা। ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। দুই দল সুযোগও পেয়েছিল কিছু। তবে কাছাকাছি গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিল তারা। শেষ পর্যন্ত ম্যাচে ৪৪ মিনিটে হুগো ডুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। বাঁ প্রান্ত দিয়ে দিয়েগো লোপেজের ক্রস থেকে বল পেয়ে দারুণ এক হেডে লক্ষ্য ভেদ করেন ডুরো।






