উৎপাদন চালানো এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন ও আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির শুরুতে আজ রোববার সকালে নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকার তৈরি পোশাক কারখানায় হামলা হয়। তখন ওই এলাকার কারখানাগুলোয় ছুটির সিদ্ধান্ত দেয় কর্তৃপক্ষ। পরিস্থিতির অবনতি হলে নারায়ণগঞ্জ বিসিকের সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করেন মালিকেরা। একইভাবে গাজীপুরেও অনেক পোশাক কারখানা উৎপাদন বন্ধ করে শ্রমিকদের ছুটি দিয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার ফতুল্লা অ্যাপারেলস অন্যদিনের মতো আজ সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করে। তবে সকাল ১০টার দিকে কারখানার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফজলে শামীম এহসান আজ দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম আলোকে বলেন, সংকট আরও বেড়ে গেছে। স্বাভাবিক উৎপাদন চালানো এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে।