চট্টগ্রাম কাস্টমস আমদানি-রপ্তানির শুল্কায়ন কার্যক্রম শুরু

ইন্টারনেট না থাকায় দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে যে অচলাবস্থা দেখা দিয়েছে, তা কাটতে শুরু করেছে। পণ্য রপ্তানি পুরোদমে শুরু হয়েছে। আবার বন্দর থেকে আমদানি পণ্য খালাসের চাপও বেড়েছে।

গত কয়েক দিনের অচলাবস্থার কারণে বন্দরের ভেতরে আমদানি পণ্যের স্তূপ বেড়ে গিয়েছিল। খালাস না হওয়ায় প্রায় ৪১ হাজার কনটেইনারের স্তূপ জমে বন্দরে। পণ্য খালাস শুরু হওয়ায় গতকাল বৃহস্পতিবার সকালে এ সংখ্যা ৪০ হাজারের নিচে নেমেছে। পণ্য খালাসের চাপের কারণে বন্দরের ভেতরে যান চলাচলে জট লেগে গেছে। এই চাপ স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় আমদানি-রপ্তানি কার্যক্রমও। কারণ, অনলাইনে কোনো পণ্য চালানের শুল্কায়নের জন্য কোনো নথিপত্র জমা দেওয়া যাচ্ছিল না। এ অবস্থায় গত মঙ্গলবার বিকল্প ব্যবস্থায় চট্টগ্রাম কাস্টমস আমদানি-রপ্তানির শুল্কায়ন কার্যক্রম শুরু করে। বুধবার সীমিত পরিসরে ব্রন্ডব্যান্ড ইন্টারনেট চালু হয়। তাতে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করে। গতকাল পুরোপুরি সচল হয় আমদানি-রপ্তানি কার্যক্রম।

চট্টগ্রাম বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি-রপ্তানি হয়, তার ৯৫ শতাংশই শুল্কায়ন করে চট্টগ্রাম কাস্টমস। চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী, বুধবার ৮ হাজার ১৫৩টি আমদানি-রপ্তানি চালান শুল্কায়ন হয়েছে। শুল্কায়নের জন্য অনলাইনে নথি জমা দেওয়া হয়েছে ৯ হাজার ৩৪৫টি চালানের। গতকাল দুপুর পর্যন্ত অনলাইনে আমদানি-রপ্তানির নথি জমা হয়েছে ৪ হাজার ২০০ টির। স্বাভাবিক সময়ের চেয়ে এ সংখ্যা বেশি।