ইন্টারনেট সেবা বন্ধ থাকায় চার-পাঁচ দিন ধরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ ছিল। এরপর সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও সংস্থাটির তালিকাভুক্ত বেশির ভাগ ডিলার বা সরবরাহকারী পণ্য বিক্রি শুরু করতে পারেননি।
দেশের এক কোটি পরিবারের মধ্যে টিসিবি থেকে প্রতি মাসে ভর্তুকি মূল্যে চাল, ডাল, ভোজ্যতেলসহ কয়েকটি নিত্যপণ্য সরবরাহ করা হয়। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পরিবেশকেরা পুরো কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু ইন্টারনেট না থাকায় অ্যাপে কোনো কাজ হচ্ছে না।
টিসিবির পণ্য বিক্রেতারা জানান, বিক্রেতাদের অধিকাংশই মোবাইল ডেটা ব্যবহার করে এ কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু বর্তমানে দ্রুতগতির (ফোরজি) ইন্টারনেট বন্ধ থাকায় তাঁরা কোনো কার্যক্রম চালাতে পারছেন না।
এদিকে টিসিবির কর্মকর্তারা জানান, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় অনুমোদিত প্রায় ১ হাজার ৩০০ টিসিবির পণ্য বিক্রেতা রয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব বিক্রেতা অ্যাপের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করে থাকেন। ইন্টারনেট বন্ধ থাকায় গত কয়েক দিন তাঁদের পণ্য বিক্রি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। গতকাল বুধবার থেকে ইন্টারনেট চালু হলেও উত্তর সিটি করপোরেশনের বেশির ভাগ বিক্রেতা পণ্য বিক্রি শুরু করতে পারেননি। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রয়েছে ছয় শতাধিক অনুমোদিত বিক্রেতা। বর্তমানে তাঁদের বেশির ভাগই সনাতন পদ্ধতিতে পণ্য বিক্রি শুরু করেছেন।






