বাংলাদেশ ৫–১ ভুটান

এর আগে ভুটানের বিপক্ষে কখনোই হারেনি বাংলাদেশ। এমনকি কোনো ম্যাচ ড্র–ও হয়নি। কিন্তু আজ থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ১৩তম মিনিটে যখন ভুটান গোল করে এগিয়ে গেল, সেটি ছিল বড় ধাক্কাই। এরপর সাবিনা–সানজিদাদের এলোমেলো ফুটবল হতাশার মাত্রা আরও বাড়িয়ে দেয়। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে ছিল ভুটান।

তবে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সৌরভী আকন্দ প্রীতির বদলি নামা মোসাম্মাৎ সাগরিকার হ্যাটট্রিকে ভুটানের বিপক্ষে বড় জয়ই তুলে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা খাতুন ও ঋতুপর্ণা করেছেন বাকি ২ গোল। প্রথমার্ধে হতাশাজনক ফুটবল খেলা বাংলাদেশের মেয়েরা দ্বিতীয়ার্ধে গুছিয়ে উঠে চেপে ধরে ভুটানকে। শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে ৫-১ গোলে।