বাজারে সবজির দাম এখন বেশ চড়া। বন্যা-বৃষ্টির কারণে সরবরাহে বিঘ্ন হওয়ায় সবজির দাম কমছে না। বর্তমানে বেশির ভাগ সবজির দামই ১০০ টাকার আশপাশে রয়েছে। এতে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।
ঢাকার ব্যবসায়ীরা বলছেন, সবজির উৎপাদনস্থলেই দাম বেশি। বন্যা-বৃষ্টির কারণে গত এক মাসের মধ্যে সবজির দাম অনেক বেড়েছে। কিন্তু সরবরাহ ঠিক না হওয়ায় এখনো সেভাবে দাম কমেনি। ফলে বেশির ভাগ সবজির দামই বর্তমানে উচ্চ মূল্যে স্থিতিশীল হয়ে আছে। গতকাল সোমবার রাজধানীর শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মোহাম্মদপুর টাউন হল ও হাতিরপুল বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
চারটি বাজার ঘুরে দেখা গেছে, বেগুন, করলা, বরবটির মতো নিত্যব্যবহার্য ১০টির বেশি সবজির দাম এখন ১০০ টাকার ওপরে। যেমন মানভেদে প্রতি কেজি বেগুন ১০০-১৪০ টাকা এবং বরবটি ও কাঁকরোল ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে টমেটোর কেজি ২০০-২২০ টাকা। আর এক কেজি করলার দাম নেওয়া হচ্ছে ১২০-১৪০ টাকা। এভাবে গাজর, শসা, ধনেপাতা, কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম ১০০ টাকার ওপরে। এ ছাড়া ঝিঙে ও ঢ্যাঁড়সের দামও ১০০ টাকার আশপাশে।






