লোডশেডিংয়ের কারণে লিডিং স্টাইলের মতো মফস্সলের কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) প্রতিষ্ঠানগুলো এখন খুব ভুগছে। উদ্যোক্তারা বলছেন, লোডশেডিংয়ের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক প্রতিষ্ঠানেরই জেনারেটর কেনার মতো অর্থ নেই। ফলে কেউ কেউ লোকসান গুনছে। মফস্সলের যেসব এলাকা পল্লী বিদ্যুতের আওতায় রয়েছে, সেখানে লোডশেডিংয়ের মাত্রা বেশি বলে জানান তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের ৪৬২টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। যদিও প্রতিষ্ঠার ৪৭ বছরেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা অর্জন করতে পারেনি সংস্থাটি। বিদ্যুৎ-ঘাটতি থাকলে নিয়মিত লোডশেডিং স্বাভাবিক ঘটনা। তবে বিদ্যুতের ঘাটতি না থাকলেও বিদ্যুৎ থেকে বঞ্চিত হন মফস্সলের গ্রাহকেরা। সামান্য ঝড়বৃষ্টি হলেও বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ।নরসিংদীর রায়পুরার নারায়ণপুরের ক্রিয়েটিভ জুট টেক্সটাইল মিলসে পাটের মোটা কাপড় তৈরি করা হয়। সেই কাপড় দিয়ে বানানো হয় বিভিন্ন ধরনের ব্যাগ। কারখানাটিতে দুই শিফটে ৫০ জন কর্মী কাজ করেন। ক্রিয়েটিভ জুট টেক্সটাইল মিলসের স্বত্বাধিকারী অজিত কুমার দাস প্রথম আলোকে বলেন, ‘দিনে-রাতে ১০-১২ ঘণ্টা লোডশেডিং থাকে। বিদ্যুৎ না থাকলে উৎপাদন সচল রাখতে ডিজেল জেনারেটর চালাই। এতে দিনে চার হাজার টাকা বাড়তি খরচ হয়। মাসের সব দিনই উৎপাদন হয়। তাতে জেনারেটরের পেছনে লাখ টাকার ওপরে খরচ হয়।’






