২০১৪ সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় পিএসসির চাকরি থেকে সৈয়দ আবেদ আলীকে বরখাস্ত করা হয়

প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ঢাকায় আরেকটি বাড়ির সন্ধান পাওয়া গেছে। তিনি দুই যুগ আগে ঢাকার মিরপুরের মধ্য পীরেরবাগে জনতা রোডে একটি ভবনের নিচতলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন। পরে সেই বাড়ির পাশে পৌনে চার কাঠার একটি প্লট কিনে সেখানে সাড়ে ছয়তলা ভবন গড়ে তোলেন তিনি। এ নিয়ে ঢাকায় তাঁর দুটি বহুতল ভবন, তিনটি ফ্ল্যাট ও একটি গাড়ির সন্ধান পাওয়া গেছে। গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন। 

বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গ্রেপ্তার পিএসসির আরেক কর্মচারীর সম্পদ খুঁজতে গিয়ে আজ মঙ্গলবার বিকেলে মধ্য পীরেরবাগে ৩৫/২, জনতা রোডে ‘সৈয়দ রেসিডেন্স’ নামে আবেদ আলীর সাড়ে ছয়তলা ওই বাড়ির সন্ধান পাওয়া যায়।আবেদ আলীর এই বাড়ির পাশের বাড়ির মালিক নজরুল ইসলাম। আজ বিকেলে তাঁর সঙ্গে কথা হয়। তিনি জানান, সৈয়দ আবেদ আলী ২০০১ সালে তাঁর ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে সাড়ে ৪ হাজার টাকায় ভাড়া থাকতেন। প্রথম দিকে সেই ভাড়াও তিনি প্রতি মাসে দিতে পারতেন না। একপর্যায়ে তাঁর বাসায় গভীর রাতে অনেক মানুষের যাতায়াত শুরু হয়। ওই সব লোকজন পরদিন ভোরে চলে যেতেন। এরপর ধীরে ধীরে আবেদ আলীর ভাগ্য বদলাতে থাকে। তিনি ২০১০ সালের দিকে হঠাৎ ৩৫/২ জনতা রোডে পৌনে চার কাঠার প্লট কেনেন। পরের বছর সেখানে সাড়ে ছয়তলার ভবন নির্মাণ করেন। এই বাড়ি করার সময় আবেদ আলী বলেছিলেন, পাইকপাড়ায়ও তিনি ছয়তলা বাড়ি নির্মাণ করছেন।