অসম্ভবকে সম্ভব করে সেমিফাইনালে ওঠা সেই কানাডার চোখে এখন আরও বড় স্বপ্ন

সেমিফাইনালে কানাডা—এবারের কোপা আমেরিকা শুরুর আগে কানাডিয়ানরাও এমনটা ভাবতে পেরেছিলেন কি না, সন্দেহ! তবে যা হওয়ার নয়, তা–ই যদি না হয়, তবে আর লোকে খেলা দেখে কেন। অসম্ভবকে সম্ভব করে কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠা সেই কানাডার চোখে এখন আরও বড় স্বপ্ন—ফাইনাল। 

কানাডিয়ানদের স্বপ্ন পূরণে সেমিফাইনালে যারা বাধা, সেই আর্জেন্টিনার জন্য ফাইনাল কোনো স্বপ্ন নয়; বরং কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন না হতে পারাটাই ব্যর্থতা দলটির জন্য। লিওনেল মেসির আর্জেন্টিনাই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। ফিফা র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১ নম্বর দলও তারা। তাদের চেয়ে ৪৭ ধাপ পিছিয়ে থাকা কানাডাকে পেছনে ফেলে বাংলাদেশ সময় আগামীকাল সকালে আর্জেন্টিনা ফাইনালে যেতে না পারলে ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবেই জায়গা পেয়ে যাবে সেটি। 

হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা অধিনায়ক মেসি এখনো নিজেকে মেলে ধরতে পারেননি কোপা আমেরিকায়। তবে সেটি বড় কোনো বাধা হতে পারেনি আর্জেন্টিনার পথচলায়। 

গ্রুপ পর্বে তিনটি ম্যাচই জেতা আর্জেন্টিনাকে সবচেয়ে বড় পরীক্ষাটা দিতে হয়েছে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে টাইব্রেকারে ইকুয়েডরিয়ানদের পেছনে ফেলে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা।আক্রমণভাগে লাওতারো মার্তিনেজ আছেন দুর্দান্ত ফর্মে, এখন পর্যন্ত ৪ গোল করেছেন ইন্টার মিলান স্ট্রাইকার। আরেক মার্তিনেজ, লিসান্দ্রোর নেতৃত্বে দুর্দান্ত খেলেছে আর্জেন্টাইন রক্ষণভাগও। দলটির মিডফিল্ডেও বিশ্বমানের খেলোয়াড়ের অভাব নেই। সব মিলিয়েই আর্জেন্টিনাকে পেছনে ফেলে ফাইনাল খেলার স্বপ্ন দেখতে অনেকে সাহসী হতে হচ্ছে কানাডাকে।