ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে থাকা উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালিকে (আরএন) দ্বিতীয় দফার নির্বাচনে ঠেকিয়ে দিয়েছে বামপন্থী জোট।
আনুষ্ঠানিক ফল ঘোষণায় দেখা গেছে, বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) নির্বাচনে জয়ী হয়েছে। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর মধ্যপন্থী জোট এনসেম্বল দ্বিতীয় হয়েছে। আর উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালির (আরএন) অবস্থান তৃতীয়।
তবে তিন পক্ষের কেউই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই তিন পক্ষের একসঙ্গে কাজ করারও ইতিহাস নেই। এমন অবস্থায় দেশটি এখন ঝুলন্ত পার্লামেন্ট পাওয়ার পথে রয়েছে।
প্রথম দফার নির্বাচনে আরএনের বিজয়ের পর বিভিন্ন জনমত জরিপে বলা হয়েছিল, দ্বিতীয় দফার নির্বাচনেও দলটি বিজয়ী হবে।
প্রথম দফা ভোটের পর অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে আসা ন্যাশনাল র্যালিকে নিয়ে বিচলিত হয়ে পড়েন ফ্রান্সের উদার ও মধ্যপন্থীরা। তাই আরএনকে ঠেকাতে বামপন্থীদের জোট এনপিই ও মাখোঁর জোট টুগেদার অ্যালায়েন্সের মধ্যে আপস হয়। আরএনের বিরুদ্ধে পড়া ভোটগুলো যেন একজনই পান, সে জন্য এই দুই জোট মিলে দুই শতাধিক প্রার্থীকে ভোট থেকে সরিয়ে দেন। বাম ও মধ্যপন্থীদের এই কৌশলই কাজে দিয়েছে।
আরএন নেতা জরদান বারদেলা ক্ষোভ জানিয়ে বলেছেন, তাঁদের জয় ঠেকাতে ‘অস্বাভাবিক রাজনৈতিক জোট’ করা হয়েছে। ন্যাশনাল র্যালি জয়ী হলে প্রধানমন্ত্রী হতেন বারদেলা।






