আগামী ২০৩১ সালের মধ্যে দেশে অতিদারিদ্র্যের হার কমিয়ে ৩ শতাংশের নিচে নামিয়ে আনতে চায় সরকার। এ ছাড়া সার্বিক দারিদ্র্যের হার ২০৪১ সালের মধ্যে সরকার ৩ শতাংশের নিচে নামাতে চায়।
নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার পটভূমিতে এসব লক্ষ্য নির্ধারণের কথা বলা হয়েছে। এই পরিকল্পনায় দারিদ্র্য কমানোর জন্য প্রয়োজনীয় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া দেশের মানুষের জীবনচক্রভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেওয়ার সুপারিশ করা হয়েছে। একজন মানুষের জন্ম থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত নানা ধরনের সুবিধা দেওয়া হবে জীবনচক্রভিত্তিক এই সামাজিক কর্মসূচিতে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, বর্তমানে দেশে অতিদারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ এবং সার্বিক দারিদ্র্য ১৮ দশমিক ৭ শতাংশ। অতিদারিদ্র্যের হার ৩ শতাংশের নিচে নামলেই একটি দেশকে পরিসংখ্যানগত দিক থেকে দারিদ্র্যমুক্ত ঘোষণা করা যায়।
আগামী ২০২৫ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন মাসের মধ্যে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এই পরিকল্পনা তৈরি করছে। পরিকল্পনাটি বাস্তবায়নের সময়কালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হবে। সেই সঙ্গে ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার মূল কাজটিও হবে এই পরিকল্পনার মাধ্যমে।
গত ২০২০ সালের জুলাইয়ে শুরু হওয়া অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এখন চলছে। এটির বাস্তবায়ন শেষ হবে ২০২৫ সালের জুনে। কোভিডের কারণে এই পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে।






