নেস্তর লরেঞ্জোকে যখন কলম্বিয়া জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়, বেশ ক্ষোভই প্রকাশ করেছিলেন কেউ কেউ। কলম্বিয়ার সাবেক কোচ হোর্হে পিন্টো যেমন বলেছিলেন, এই দল পরিচালনার মতো ‘ওজন’ নেই লরেঞ্জোর। যার কখনো জাতীয় দল চালানো দূরে থাক, ক্লাবের প্রধান কোচ হিসেবে অভিজ্ঞতাও মাত্র এক মৌসুমের, সে কীভাবে কলম্বিয়ার মতো জাতীয় দল চালাবে? কেউ কেউ মজা করে এমনও বলেছিলেন, কলম্বিয়ার কোচ হওয়ার প্রধানতম যোগ্যতা আর্জেন্টিনার পাসপোর্ট থাকা। আর্জেন্টাইন বলেই পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকার পরও কোচের চাকরি পেয়েছেন লরেঞ্জো।
ঘটনাটা ২০২২ সালের জুনের। দুই বছর পর এসে কলম্বিয়া দলে লরেঞ্জোর কাজের প্রতিবেদন বলছে, তাঁর অধীন টানা ২২ ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়া! এরই মধ্যে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। তা–ও ব্রাজিলের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে। অর্জনটা অবশ্যই কলম্বিয়ান খেলোয়াড়দের, তবে বেশ খানিকটা অবদান লরেঞ্জোরও। অন্য অর্থে বললে আর্জেন্টাইন কোচিংয়ের। শুধু ৫৮ বছর বয়সী লরেঞ্জোই নন, এবারের কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন কোচরাই। যে চারটি দল গ্রুপ–সেরা হয়ে কোয়ার্টারে জায়গা করেছে, সব কটিরই ডাগআউটে একেকজন আর্জেন্টাইন। শত বছরের বেশি বয়সী কোপা আমেরিকায় চার আর্জেন্টাইন কোচের দলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা নজিরবিহীন।






