ছয়টি সিনেমায় নাম লিখিয়েছেন অভিনেত্রী প্রিয়াম অর্চি

চার বছরের ক্যারিয়ারে ছয়টি সিনেমায় নাম লিখিয়েছেন অভিনেত্রী প্রিয়াম অর্চি। এ সময়ে সব কটি কাজই তাঁকে ভিন্নভাবে দর্শকদের সামনে এনেছে। সিনেমাগুলো শুধু দেশেই নয়, বিদেশেও প্রশংসিত হয়েছে। এ বছর তাঁর অভিনীত নির্বাণ পুরস্কার পেয়েছে রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে। এর আগে বুসানে নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জয় করে বলী সিনেমাটি। এই সিনেমাতেও দেখা গেছে প্রিয়ামকে। এবার তিনি নতুন চরিত্রের খবর দিলেন। তাঁকে দেখা যাবে অপ্রত্যাশিত সিনেমায়। এটি পরিচালনা করেছেন দেবাশীষ ব্যানার্জি।
প্রিয়াম অর্চি জানান, মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত একজন লেখক। তিনি জীবনের শেষ বইটা লেখার চেষ্টা করছেন। সেই বইয়ের একটা চরিত্র হয়েই উঠে আসে এক তরুণী। সেই চরিত্রে দেখা যাবে প্রিয়ামকে।সিনেমাটিতে কেন অভিনয় করেছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘২০২০ থেকে ছয়টা সিনেমায় কাজ করেছি। আমার এই চলচ্চিত্র–যাত্রায় পরিচালক বেছে কাজ করার সুযোগ কম। যে কারণে আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। কারণ, আমি তালিকা বড় করতে চাইনি। এখানেই আমি সফল। চরিত্র বুঝে আমি যতগুলো কাজ করেছি, সবই আমার পছন্দের সিনেমা। এবারও যখন অপ্রত্যাশিত সিনেমা নিয়ে বলা হয়, গল্প শুনে মনে হয়েছিল এটা আমার গল্প।’