আওয়ামী লীগের ‘পাতি নেতা’ থেকে শুরু করে সর্বোচ্চ মহল, এমনকি সরকারের সহযোগী আমলারাও লাগামহীন লুটপাট করে দেশের টাকায় বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন। এ লুটপাটের টাকা দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে দেশের সংকট কেটে যাবে। আজ সোমবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলীখাল ও ইছাকলস ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণকালে বিএনপি নেতারা এসব কথা বলেন।এ সময় জেলা বিএনপির উদ্যোগে ও জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিনের সহযোগিতায় ৫৮০ জন বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য ও নগদ টাকা বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, সরকারের অবহেলা আর অদক্ষতার কারণে সিলেটে বারবার বন্যা হচ্ছে। সুরমা, কুশিয়ারাসহ সিলেটের সব নদ-নদী খনন করার জন্য বারবার তাগিদ দিলেও সরকার এতে কান দিচ্ছে না। উল্টো এক ব্যক্তির বিলাসিতার জন্য হাওরজুড়ে রাস্তা নির্মাণ করে দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষকে বারবার পানিবন্দী করে রাখছে।






