জাহাজ রপ্তানিতে ভাটা পড়েছে

দেড় দশক আগে বাংলাদেশ থেকে জাহাজ রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছিল। দেশীয় দুটি প্রতিষ্ঠান জাহাজ রপ্তানি করে সেই সম্ভাবনার পথও দেখিয়েছিল। কিন্তু সম্ভাবনা ক্ষীণ হয়ে আসতেও তেমন সময় লাগেনি। অর্থাৎ জাহাজ রপ্তানিতে ভাটা পড়েছে। গত ২০ মাসে কোনো সমুদ্রগামী জাহাজ রপ্তানি করতে পারেনি বাংলাদেশ। আর গত পাঁচ বছরে সব মিলিয়ে মাত্র তিনটি জাহাজ রপ্তানি হয়েছে।  

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে নারায়ণগঞ্জের আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড যুক্তরাজ্যের এনজিয়ান শিপিং কোম্পানির কাছে একটি সমুদ্রগামী জাহাজ রপ্তানি করেছে। জাহাজটি নিবন্ধন হয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডায়। চট্টগ্রামভিত্তিক জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডও ২০২০ সালের জানুয়ারির পর কোনো জাহাজ রপ্তানি করেনি।  

উদ্যোক্তারা জানান, বাংলাদেশে বৈশ্বিক জাহাজ নির্মাণশিল্পের মন্দার মূল প্রভাব পড়েছিল ২০১১ সাল থেকে। মন্দার কারণে বাংলাদেশের অনেকগুলো রপ্তানি আদেশ বাতিল করে বিদেশি ক্রেতারা। করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আবার ধাক্কা আসে এই খাতে। দুইয়ে মিলে উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হন এবং ঘুরে দাঁড়াতে পারেননি। এরই মধ্যে রপ্তানিমুখী দুটি প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের নেওয়া ঋণ অনিয়মিত হয়ে পড়ে। তবে বিশেষ নীতিসুবিধার ফলে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির বেশির ভাগ ঋণ নিয়মিত হয়েছে এবং বাকিটার প্রক্রিয়া চলছে বলে তারা জানায়।