চামড়া কিনে লোকসানে পড়েছেন ব্যবসায়ী

‘আমি আর গরুর চামড়ার ব্যবসায় নামব না। গড়ে ৪৮০ টাকায় ৩৮টি চামড়া কিনে বিক্রি করতে পারিনি। পরে সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়িতে ফেলে দিয়েছি। এত বড় ধাক্কা খাব ভাবিনি। উচিত শিক্ষা হয়েছে।’

এবার কোরবানির গরুর চামড়া বিক্রির ব্যবসায় লোকসানের মুখোমুখি হওয়ার পর বিমর্ষ মোহাম্মদ মাহবুবুর আলম এভাবেই প্রতিক্রিয়া জানালেন। চট্টগ্রাম নগরের চৌমুহনী এলাকার আশপাশের বিভিন্ন বাড়ি ঘুরে বড় আকারের ৩৮টি গরুর চামড়া কিনেছিলেন তিনি। ঈদের দিন ৩৮০ টাকা দাম উঠেছিল, কিন্তু বিক্রি করেননি। এতেই কাল হলো। পরবর্তী সময় ১০০ টাকায় বিক্রি করতে চাইলেও কোনো আড়তদার কেনেননি।

মাহবুবুর আলমের মতো চামড়া কিনে লোকসানে পড়েছেন আরেক ব্যবসায়ী আবদুল হামিদও। তিনি বিভিন্ন আকারের ২৫০টি চামড়া কিনেছিলেন। গড়ে দাম পড়েছিল ৪২০ টাকা। আড়তদার ১০০ টাকা দরে নেওয়ার কথা বলেছিলেন। পরে নেননি। শেষমেশ পুঁতে ফেলতে হয়েছে।

সবজি বিক্রেতা আবদুল হামিদ ও দোকানি মাহবুবুর বাড়তি লাভের আশায় চামড়া ব্যবসায় নামেন। তাঁদের মতো অনেক বিক্রেতাই এবার চামড়ার দাম পাননি বলে জানিয়েছেন। প্রতিবছর ঈদ মৌসুমে শতাধিক স্থায়ী ও মৌসুমি ব্যবসায়ী এ ব্যবসায় নামেন। প্রায় প্রতিবছরই চামড়ার দাম তুলে আনতে গলদঘর্ম হয় তাঁদের। এবার অনেকে বিক্রিই করতে পারেননি। অথচ সরকার চামড়া বিক্রির জন্য দর নির্ধারণ করে দিয়েছিল।