ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিক। বলিউডপ্রেমীদের তিনি উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় গান। সোনু নিগম, উদিত নারায়ণ ও কুমার সানুর সঙ্গে গাওয়া তাঁর অসংখ্য ডুয়েট এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে। অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমানের অন্যতম পছন্দের শিল্পীর তালিকায় রয়েছেন অলকা। তবে সদ্য পাওয়া একটি দুঃসংবাদে উদ্বিগ্ন এই শিল্পীর অনুরাগীরা। এক ইনস্টাগ্রাম পোস্টে অলকা জানিয়েছেন, বিরল স্নায়ুর সমস্যায় ভুগছেন তিন, যার ফলে হ্রাস পেয়েছে তাঁর শ্রবণক্ষমতা।
অলকা আরও জানান, কয়েক সপ্তাহ আগে বিমানবন্দর থেকে বেরোনোর সময় হঠাৎ করেই কোনো কিছু শুনতে পাচ্ছিলেন না তিনি। সেই থেকেই সমস্যার শুরু। তবে চিকিৎসা শুরু হয়েছে।এরপরই ভক্ত ও সহকর্মীদের কাছে উচ্চমাত্রার শব্দ থেকে যথাসম্ভব দূরে থাকার আবেদন রেখেছেন তিনি। আর অত্যন্ত সতর্কতার সঙ্গে হেডফোন ব্যবহার করতে বলেছেন।অলকা ইয়াগনিকের এই পোস্টে অনুরাগীদের পাশাপাশি উদ্বিগ্ন সোনু নিগম, ইলা অরুণের মতো শিল্পীরা। ইলা অরুণ লিখেছেন, ‘এটা শুনে খুব কষ্ট পেলাম। প্রিয়তম অলকা, আমি তোমার ছবি দেখে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছি। তারপর আমি যা পড়লাম, এটি হৃদয়বিদারক। তবে এখনকার সেরা চিকিৎসকদের ওপর ভরসা রাখো। তুমি ভালো হয়ে উঠবে এবং শিগগিরই আমরা তোমার মিষ্টি কণ্ঠ শুনতে পাব। ভালোবাসা। সব সময় নিজের যত্ন নিয়ো।’






