এ দেশের ব্যান্ড সংগীতে নারীদের মধ্যে যাঁরা মঞ্চ মাতিয়ে শ্রোতৃমহলে আলাদা জায়গা করে নিয়েছেন, তাঁদের মধ্যে মিলা ইসলামের নামটি শুরুতেই থাকবে। অ্যালবামের যুগে তিনি ছিলেন জনপ্রিয় পপশিল্পী। মিলা ফিউশন ও লোকধারার গানও গেয়ে থাকেন। একসময় নিয়মিত নতুন নতুন গান করলেও বেশ কিছুদিন নতুন গানে নেই মিলা। এবার ফিরছেন পুরোদমে। এই ঈদে সবাইকে চমকে দিয়ে পুরোনো রূপে হাজির হচ্ছেন নতুন মিলা।
মিলাকে সর্বশেষ তিন বছর আগে জি-সিরিজের ‘আইসালা’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে পাওয়া গেছে। একই ব্যানার থেকে এবার তিনি আসছেন ‘টোনা টুনি’ শীর্ষক গানচিত্র নিয়ে। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন গায়িকা নিজেই। এতে মিলার সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন মারুফ চৌধুরী। গানের ভিডিও নির্মাণ করেছেন ইলজার ইসলাম। জি-সিরিজের ঈদ আয়োজনে ১৫ জুন এটি মুক্তি পাচ্ছে।






