ইউরোপের অন্যতম বৃহত্তম ধর্মীয় প্রতিষ্ঠান ইস্ট লন্ডন মসজিদসংলগ্ন লন্ডন মুসলিম সেন্টার প্রতিষ্ঠার ২০ বছর পুর্ণ করলো । ২০০৪ সালের ১১ জুন খুলে দেওয়া এই সেন্টারটি এ বছরের ১১ জুন গৌরবের ২০ বছর উদযাপন করেছে ।
ইস্ট লন্ডন মস্ক, লন্ডন মুসলিম সেন্টার ও মারিয়াম সেন্টার কমপ্লেক্সে এখন একসঙ্গে প্রায় ১০ হাজার মানুষ নামাজ পড়তে পারছেন । লন্ডনের মুসলিম কমিউনিটির জন্য এটি একটি বিশাল মাইলফলক ।
এলএমসি প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছিল ১৯৯৭ সালে । তবে এই প্রতিষ্ঠানের যাত্রা সহজ ছিলোনা। ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন যে স্থানটিতে আজ লন্ডন মুসলিম সেন্টার গৌরবের সাথে দাঁড়িয়ে আছে সেই জায়গাটুকু একটি বিলাসবহুল প্রপার্টি ডেভোলপার কোম্পানীর কাছে বিক্রি দিতে চেয়েছিলেন জমির মালিক । তখন স্থানীয় কাউন্সিল ও ডেভোলাপার কোম্পানীর সাথে লড়াই করতে হয়েছিলো । কমিউনিটির মানুষের আন্দোলনের মুখে কাউন্সিল জায়গাটুকু লন্ডন মুসলিম সেন্টারের জন্য বরাদ্দ দিতে বাধ্য হয়েছিলো । টেলকোর (বর্তমানে সিটিজেনস ইউকে) সহায়তায় চালানো আন্দোলনে কমিউনটির মানুষ সফল হয়েছিলেন। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত কমিউনিটি নেতা নীল জেমসন।






