আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) গতকাল বৃহস্পতিবার বলেছে, ইরান তাদের পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে। ইরানের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে সংস্থাটির গভর্নর বোর্ড প্রস্তাব পাস করার এক সপ্তাহ পর এমন কথা বলল আইএইএ।
আইএইএ-এর কাছ থেকে এএফপিকে একটি বিবৃতি পাঠানো হয়েছে। এর থেকে জানা যায়, আইএইএ তাদের সদস্যদের বলেছে যে নাতাঞ্জ ও ফোরদৌতে পারমাণবিক কেন্দ্রগুলোতে আরও বেশি ক্যাসকেড মজুত করছে তেহরান। বিষয়টি তেহরানের কাছ থেকেই আইএইএ জানতে পেরেছে।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজসহ বিভিন্ন যন্ত্রপাতিকে একসঙ্গে ক্যাসকেড বলা হয়ে থাকে।
তবে ইরানের এমন তৎপরতাকে মাঝারি ধরনের বলে উল্লেখ করেছে একটি কূটনৈতিক সূত্র।
গত সপ্তাহে ৩৫ সদস্যবিশিষ্ট আইএইএ-গভর্নর বোর্ডে ইরানের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে প্রস্তাব উত্থাপন করা হয়। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি উত্থাপিত প্রস্তাবটির বিরোধিতা করেছে চীন এবং রাশিয়া। ২০২২ সালের নভেম্বরের পর এটি এ ধরনের প্রথম প্রস্তাব।
প্রস্তাবটি তড়িঘড়ি করে দেওয়া হয়েছে এবং এটি বিবেচনাপ্রসূত নয় উল্লেখ করে এর সমালোচনা করেছে ইরান।






