তিমি আকৃতির বিমান

দেখতে অদ্ভুত বিশ্বসেরা বিমানের মধ্যে একটি এয়ারবাস বেলুগা। তিমি আকৃতির এই বিমান এখন নিজস্ব এয়ারলাইনসের মাধ্যমে পণ্য পরিবহনে ব্যবহৃত হচ্ছে। বিমান পর্যবেক্ষণকারী (প্লেনস্পটার) ও ভ্রমণপিয়াসুদের কাছে এই বিমান অদ্ভুত আর ‘সুদর্শন’ হিসেবে আলোচিত। বড় আকারের এই কার্গো বিমানটিকে সারা বিশ্বের প্লেনস্পটাররা প্রায় দুই দশক ধরে অনুসরণ করছেন।

ইউরোপের বিভিন্ন প্রান্তে এয়ারবাসের কারখানা আছে। সেখানে বিমানের যন্ত্রাংশ পরিবহন করে বেলুগা। সম্প্রতি এই বিমান দিয়ে এয়ারবাস বেলুগা ট্রান্সপোর্ট নামে একটি স্বতন্ত্র মালবাহী এয়ারলাইনস চালু করেছে। এয়ারবাস বেলুগা ট্রান্সপোর্টের প্রধান বেনোইট লেমনিয়ার বলেন, বিমানে পণ্য পরিবহনের বাজারে বড় আকারের বিমান নেই বললেই চলে। বিমানের অনেক যন্ত্রাংশ সাধারণ বিমানে পরিবহন করা যায় না। এয়ারবাস বেলুগায় সব কিছুই এঁটে যায়।