পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন তাঁর সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে পিটিআই এগিয়ে থাকায় ইমরান খানকে এক টুইট বার্তায় এ অভিনন্দন জানান জেমিমা গোল্ডস্মিথ। টুইটে তিনি বলেন, তাঁর সন্তানের বাবা পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
গতকাল বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদের ২৭২টি আসনে সরাসরি ভোট হয়। সরকার গঠনের জন্য দরকার ১৩৭ আসন। ফলাফলে শেষ তথ্য অনুযায়ী, ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খানের পিটিআই স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা থেকে বেশ পিছিয়ে পিটিআই।
নির্বাচনের পর এক টুইটে জেমিমা বলেন, অপমান, বাধা ও ত্যাগের ২২ বছর পর তাঁর ছেলের বাবা পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। টুইটে জেমিমা আরও বলেন, দৃঢ় মনোভাব, বিশ্বাস ও পরাজয়ের কাছে নতিস্বীকার না করার বড় ধরনের শিক্ষা ইমরানের আজকের বিজয়। ইমরানকে উপদেশ দিয়ে তিনি বলেছেন, ইমরান কেন রাজনীতিতে সর্বাগ্রে মনোনিবেশ করেছিলেন, তা তাঁর মনে রাখতে হবে। ইমরান রাজনীতিতে আগের চেয়ে অনেক বেশি পরিপক্ব, সে বিষয়টিও স্মরণ করেন ব্রিটিশ ওই নারী।






