শ্রেয়া ঘোষালের সঙ্গে দ্বৈত গানে আসিফ আকবর

নব্বইয়ের দশকের শেষ দিকে গায়ক হিসেবে বাংলা গানে আবির্ভাব আসিফ আকবরের। প্রথম অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় দিয়ে পান আকাশচুম্বী জনপ্রিয়তা। এরপর এগিয়ে চলা। দীর্ঘ পথচলায় চলচ্চিত্র ও অডিও মিলিয়ে অনেক গানে কণ্ঠ দিয়েছেন। এ যাত্রায় তিনি দেশের প্রায় সব নারী শিল্পীর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। গান গেয়েছেন ভারতের কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও। বাংলাদেশি গানের জনপ্রিয় এই গায়ককে এবার ভারতের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের সঙ্গে দ্বৈত গানে পাওয়া যাবে। খবরটি নিশ্চিত করেছেন আসিফ নিজেই।শ্রেয়া ঘোষালের সঙ্গে গানের খবরটি আসিফ আকবর আজ সোমবার নিজের ফেসবুকে জানান। এ–ও জানালেন, সবকিছু ঠিক থাকলে ২৪ নভেম্বর মুম্বাইয়ের একটি স্টুডিওতে এই গানে কণ্ঠ দেবেন শ্রেয়া। আসিফ ও শ্রেয়ার দুটি গান হবে, একটি হিন্দি অন্যটি বাংলা। আসিফের দেওয়া তথ্যমতে, নাম ঠিক না হওয়া হিন্দি গানের কথা লিখেছেন রবি বাসনেত, সুর-সংগীত করছেন রাজীব রায় চৌধুরী ও মনতোষ দেঘরিয়া। অন্যদিকে বাংলা গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর–সংগীত মনোয়ার হোসেন টুটুলের।