দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ডাইনিংয়ে খাবারের দাম ১০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। শুক্রবার রাতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ শনিবার রাত থেকে আগের দামেই হলগুলোর ডাইনিংয়ে খাবার বিক্রি হবে। তবে শুক্রবার সাহ্‌রিতে ১০ টাকা বাড়তি দিয়েই শিক্ষার্থীদের খাবার খেতে হয়েছে।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শুক্রবার রাত সাড়ে দশটায় অনলাইনে প্রাধ্যক্ষদের নিয়ে জরুরি সভায় বসেন উপাচার্য শিরীণ আখতার। এতে হল প্রাধ্যক্ষ ছাড়াও সহউপাচার্য বেনু কুমার দে, প্রক্টর নূরুল আজিম সিকদার উপস্থিত ছিলেন। সভা শেষে রাত সাড়ে ১২টায় সাংবাদিকদের এসব কথা বলেন প্রক্টর নূরুল আজিম সিকদার।

তবে এখনই খাবারে সরাসরি ভর্তুকির বিষয়টি আসছে না। শিক্ষার্থীরা যে পরিমাণ টাকা খাবারের জন্য পরিশোধ করেন, তার ভেতরেই খাবার পরিবেশন করা হবে। ঈদের ছুটি শেষে সব শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরলে তাঁদের সঙ্গে আলোচনা করে পুনরায় দাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ডাইনিংয়ের খাবারের মূল্যতালিকা পুনর্নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ। মূল্য নির্ধারণের আগে প্রতি বেলা খাবারের মূল্য ছিল ২৫-৩০ টাকা, নতুন মূল্যে সেটি ৩৫-৪০ টাকা করা হয়েছিল। অন্যদিকে সাহ্‌রির খাবারের মূল্য ছিল ৫০ টাকা। সেটি বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছিল।