মাঝে দু-তিনটি (বাউন্ডারি) মারলেই পুরো ম্যাচের মোমেন্টাম বদলে যাবে

ডেভিড ম্যালানের কাছে ওয়ানডে ক্রিকেট মানেই সুযোগ কাজে লাগানোর একটা উপলক্ষ। ক্যারিয়ারে ৩৯.৫০-এর নিচে গড় নামেনি, তৃতীয় ম্যাচের পর থেকে ৮৭-এর ওপরে স্ট্রাইক রেটও ছিল। তবুও ইংল্যান্ড দলের লাইনআপ এমন, প্রায় চার বছরের ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশ–ইংল্যান্ড প্রথম ওয়ানডেটা ছিল এ বাঁহাতির ছিল মাত্র ১৬তম। গতকাল আরেকবার সুযোগ কাজে লাগালেন এ বাঁহাতি, বাংলাদেশকে হারিয়ে দিলেন তো প্রায় একাই!

কন্ডিশন কঠিন হলেও বাংলাদেশ অবশ্য তাঁর কাছে অপরিচিত নয় মোটেও। ২০১৩-১৪, ২০১৪-১৫ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলেছেন প্রাইম দোলেশ্বরের হয়ে। মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামেই প্রিমিয়ার লিগে এর আগে সাতটি ৫০ ওভারের ম্যাচ খেলেছেন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেটি নিয়ে স্মৃতিচারণাও করলেন ১১৪ রানের অপরাজিত ইনিংস খেলা ম্যালান, ‘তাদের হয়ে দুটি মৌসুম খেলা দুর্দান্ত ছিল, আমার খেলায় সাহায্য করেছে। ইংল্যান্ডে তো উইকেটের স্কয়ারে খেলা যায়। এখানে দিনের বেলা বল স্কিড করে, তবে পরে গতি কমে আসে। ফলে ইংল্যান্ডের চেয়ে ভিন্নভাবে স্পিন খেলা শিখেছিলাম। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর আগে তো এটি আমার খেলায় উন্নতি করতে দারুণ সহায়তা করেছে।’