দুর্ঘটনার কবলে নেপালের আরেকটি অভ্যন্তরীণ ফ্লাইট

নেপালে গত মে মাসে তারা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এটির ২২ আরোহীর সবাই নিহত হন। বছর (১২ মাস) না পেরোতেই আবার ভয়াবহ বিমান দুর্ঘটনা। এবারও দুর্ঘটনার কবলে দেশটির আরেকটি অভ্যন্তরীণ ফ্লাইট। এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৮ জন। তাদের মধ্যে নবজাতক ও শিশু ছয়জন। খবর এএফপি ও রয়টার্সের।

বিশ্বে পর্যটনের জন্য আকর্ষণীয় গন্তব্যস্থলগুলোর অন্যতম নেপালে সাম্প্রতিকতম এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ভারত, রাশিয়াসহ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন।

রোববার নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় অন্তত ৬৮ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে দেশটির পুলিশ। প্রাণহানি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন। রাষ্ট্রীয় সংস্থাগুলোকে উদ্ধারকাজে সহায়তা করার আহ্বান জানান তিনি। গত তিন দশকের মধ্যে দেশটির বিমান পরিবহন খাতে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা এটি।

নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের বরাতে খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার সকাল ১০টা ৩৩ মিনিটে কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ছেড়ে যায় ইয়েতি এয়ারলাইনসের ‘৯ এন-এএনসি এটিআর ৭২’ মডেলের উড়োজাহাজটি। বেলা ১১টার কিছু আগে পোখারার স্থানীয় ও নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি এটি বিধ্বস্ত হয়ে টুকরা টুকরা হয়। আরোহীদের মধ্যে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।