বেতন-ভাতা বাড়ানোর দাবিতে নার্সদের ধর্মঘট

পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের পক্ষ থেকে দেশটির নাগরিকদের মদ খেতে পর্যন্ত নিষেধ করা হয়েছে। কারণ রোগীদের হাসপাতালে আনার পর নার্সদের ধর্মঘটে সেবা করার মত অবস্থা নেই। শনিবার থেকে এ্যাম্বুলেন্স চালকরা ধর্মঘটে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। ডেইলি মেইল

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে ক্রিসমাসের আগে নার্সদের কাজে যোগদানের আহবান জানিয়েছেন। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে তাদের এ ধর্মঘট। ব্রিটেনের নার্সদের সংগঠন ন্যাশনাল হেলথ সার্ভিস-এনএইচএস এর ইতিহাসে এ ধরনের এত বড় ধর্মঘট আর কখনো দেখা যায়নি। ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে এই ধর্মঘট চলছে।

ধর্মঘট চললেও জীবন-রক্ষাকারী সেবা দেওয়াও অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। রুটিন সার্জারি এবং অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। রয়্যাল কলেজ অব নার্সিং বলেছে, তাদের ধর্মঘটের পথ বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ, মন্ত্রীরা তাদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা শুরু করতে চাননি। ব্রিটিশ সরকার জানিয়ে দিয়েছে, ১৯ শতাংশ বেতন বাড়ানোর দাবি পূরণ করা সম্ভব নয়।
ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী, নার্সরা গুরুতর অসুস্থ রোগীদের সেবা দিয়ে যাবে। কেমোথেরাপি এবং কিডনি ডায়ালাইসিস অব্যাহত থাকবে। এছাড়া যেসব রোগী ইন্টেন্সিভ কেয়ারে আছেন তাদেরও সেবা দেওয়া হবে। নার্সরা বলছেন, তারা যথেষ্ট দেখেছেন। কিন্তু তাদের যথেষ্ট বেতন এবং মূল্য দেওয়া হচ্ছে না। সরকার তাদের কথা শুনছে না, ফলে তাদের সামনে ধর্মঘটের বিকল্প ছিল না।