পাঁচ দিনের রিহ্যাব আবাসন মেলায় ৩০২ কোটি টাকার অ্যাপার্টমেন্ট, প্লট ও বাণিজ্যিক স্পেস বা জায়গা বিক্রি ও বুকিং হয়েছে। এর মধ্যে ১৬৮ কোটি টাকার অ্যাপার্টমেন্ট, ৮০ কোটি টাকার প্লট, ৫৩ কোটি ৭৩ লাখ টাকার বাণিজ্যিক জায়গা রয়েছে। এর বাইরে প্রায় ৫০ কোটি টাকার নির্মাণসামগ্রী বিক্রি ও বুকিং হয়েছে। আজ বেলা ১টা পর্যন্ত মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছেন ১৬ হাজার ১৩২ জন।তবে গতবারের তুলনায় এবারের রিহ্যাব মেলায় বিক্রি ও বুকিং এবং ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি—দুটিই কমেছে। ২০২১ সালে রিহ্যাব মেলায় ৩৯৭ কোটি ৩৮ লাখ টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক জায়গা বিক্রি ও বুকিং হয়। এর মধ্যে ছিল ১৯৮ কোটি টাকার অ্যাপার্টমেন্ট, ১২৫ কোটি টাকার প্লট ও ৭৪ কোটি ৩৮ লাখ টাকার বাণিজ্যিক জায়গা বুকিং ও বিক্রি। সেবার মেলায় আসেন ১৯ হাজার ২৩৭ ক্রেতা-দর্শনার্থী।রাজধানীর শের-ই-বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বেলা দুইটায় মেলা শেষে সংবাদ সম্মেলন করেন রিহ্যাব নেতারা। এতে সংগঠনের সহসভাপতি মো. সোহেল রানা পাঁচ দিনের আবাসিক মেলায় অ্যাপার্টমেন্ট, প্লট ও বাণিজ্যিক স্পেস বা জায়গা বিক্রি ও বুকিংয়ের তথ্য দিয়ে বলেন, ‘নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে শেষ হলেও যে উদ্দেশ্য নিয়ে মেলার আয়োজন করা হয়েছে, তা সফল।’






