বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) কমে ৩৪ বিলিয়নের বা ৩ হাজার ৪০০ কোটি ডলারের নিচে নেমেছে। আজ বুধবার রিজার্ভ থেকে ৭ কোটি ১০ লাখ ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। এরপর দিন শেষে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮৬ বিলিয়ন বা ৩ হাজার ৩৮৬ কোটি ডলার।
রিজার্ভ থেকে চলতি ২০২২-২৩ অর্থবছরে এখন পর্যন্ত ৬০০ কোটি ডলারের বেশি বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত জ্বালানি, কীটনাশক ও খাদ্য আমদানির জন্যই রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। আজ রিজার্ভ থেকে যে ডলার বিক্রি করা হয়েছে, তাতে প্রতি ডলারের দাম ধরা হয়েছে ৯৮ টাকা।






