জ্বালানিসংকট নিয়ে উদ্যোক্তারা যে কষ্টে আছেন, তা আবারও সামনে এনেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। তিনি বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ সরবরাহে ব্যাপক উন্নতি হয়েছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তবে গ্যাস নিয়ে আমরা এখনো কষ্ট পাচ্ছি। সরকার কাজ করছে। আশা করি, যেসব চ্যালেঞ্জ আছে, তা সমাধান পাবে।’
‘মেড ইন বাংলাদেশ উইক’ উদ্যাপন–পরবর্তী সংবাদ সম্মেলনে আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এসব কথা বলেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি এস এম মান্নান, শহিদউল্লাহ আজিম, খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ।পোশাকশিল্পে বাংলাদেশের ব্র্যান্ডিং বা ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে ১২ থেকে ১৮ নভেম্বর ‘মেড ইন বাংলাদেশ উইক’ উদ্যাপন করে বিজিএমইএ। এতে সহায়তা করে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই)। সাত দিনের এই উদ্যাপনে ডেনিম এক্সপো, ঢাকা অ্যাপারেল এক্সপো, ঢাকা অ্যাপারেল সামিটসহ বিভিন্ন আয়োজন ছিল।






