আর্জেন্টিনা এখন কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে

সৌদি আরবের কাছে হেরে যাওয়ার পর লিওনেল মেসির আর্জেন্টিনা এখন কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে। বিশ্বকাপে নিজেদের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এখন গ্রুপের বাকি দুই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই তাদের। কিন্তু পাঁড় আর্জেন্টিনা সমর্থকও জানেন, গ্রুপের বাকি দুই ম্যাচ আর্জেন্টিনার জন্য মোটেও সহজ কিছু নয়, বরং মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে এ দুই ম্যাচ সৌদি আরব ম্যাচের চেয়েও কঠিন। নিজেদের ছাপিয়ে গিয়েই এই দুই প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিতে হবে মেসি-মার্তিনেজদের। আর এই ম্যাচের আগে খেলোয়াড়দের উদ্দীপ্ত ও উজ্জীবিত করতে বৃহস্পতিবার নতুন একটি গান প্রকাশ করা হয়েছে আর্জেন্টিনায়।

গানটির শিরোনাম—‘ইন লেস দ্যান আ মিনিট, আই ক্রাই অ্যান্ড লাফ’। বিশ্বকাপ শুরুর ঠিক আগ দিয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন একটি নতুন মিউজিক ভিডিওর মুক্তি দিয়েছিল। বৃহস্পতিবার মুক্তি পাওয়া নতুন গানটি আর্জেন্টাইন দলের কাছে সাফল্যের জন্য একধরনের আকুতিই।