বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগের পরও দেশে ডলারের সংকট কাটেনি। অনেক ব্যাংক এখন পণ্য আমদানির ক্ষেত্রে প্রতি ডলারের দাম ১০২ টাকা পর্যন্ত আদায় করছে। আর কোনো কোনো ব্যাংক ডলারপ্রতি ১০১ টাকা দিয়েও প্রবাসী আয় পাচ্ছে না। ফলে সংকট কমার পরিবর্তে যেন আরও বেড়েই চলেছে।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের ফলে অনেক রপ্তানিকারক তাঁদের রপ্তানি প্রত্যাবাসন কোটায় (ইআরকিউ) রাখা বিদেশি মুদ্রা বিক্রি করছেন। ব্যাংকগুলো এই ডলার কিনে আমদানি দায় শোধ করছে। একইভাবে অনেক ব্যাংকও নিজেদের কাছে রাখা ডলারও বিক্রি করছে। এরপরও সংকট কাটছে না।
একজন আমদানিকারক জানান, চীন থেকে প্লাস্টিকের কাঁচামাল আমদানিতে তাঁর কাছে প্রতি ডলার ১০১ টাকা ৫০ পয়সা দাম ধরা হয়েছে। আরেকজন জানান, মেডিকেল সরঞ্জামের কাঁচামাল আমদানিতে গত সোমবার তাঁর কাছে প্রতি ডলারের দাম ধরা হয়েছে ৯৯ টাকা ৯০ পয়সা।
এদিকে ডলার-সংকট মেটাতে সরকারি আমদানি দায় পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক গতকাল ৪ কোটি ৩০ লাখ ডলার বিক্রি করেছে। এতে প্রতি ডলারের দাম ধরা হয়েছে ৯৩ টাকা ৯৫ পয়সা।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, ঈদের পর প্রবাসী আয়ের গতি মন্থর হয়ে পড়েছে। ঈদের পরে সাধারণত এমনটাই হয়ে থাকে। এ ছাড়া বেতন-বোনাস দিতে রপ্তানিকারকেরা ঈদের আগেই বিল নগদায়ন করে ফেলেছেন। এই কারণে বিদেশি মুদ্রায় তেমন আয় নেই। অন্যদিকে আমদানি থেমে নেই। ফলে নানা উদ্যোগের পরও সংকট কাটছে না।






