পাঁচ প্রতিষ্ঠানের প্রায় আড়াই কোটি ডলারের ঋণপত্র খোলা স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক

ডলার–সংকট ঠেকাতে আমদানি ঋণপত্র (এলসি) খোলায় কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি কোন ধরনের ঋণপত্র খোলা হচ্ছে, তা–ও তদারকি করছে। এ জন্য ব্যাংকগুলোকে ৫০ লাখ ডলারের বেশি মূল্যের ঋণপত্র খোলার তথ্য ২৪ ঘণ্টা আগে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থাটি গতকাল পাঁচ প্রতিষ্ঠানের প্রায় আড়াই কোটি ডলারের ঋণপত্র খোলা স্থগিত করেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই শ কোটি টাকা। অতীতে ঋণপত্র আটকে দেওয়ার ঘটনা শোনা যায়নি।

তিনটি ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমান বাজারমূল্যের চেয়ে আমদানি মূল্য বেশি হওয়ায় ঋণপত্রগুলো স্থগিত করা হয়েছে। অবশ্য চুক্তিমূল্য বেশি হওয়ায় ঋণপত্রে বেশি মূল্য দেখানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক যাদের ঋণপত্র আটকে দিয়েছে, তাদের মধ্যে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য আমদানি, উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত বড় শিল্পগোষ্ঠী রয়েছে। এ ছাড়া জাহাজভাঙা শিল্পের একটি কোম্পানিও আছে।