যুক্তরাজ্যের প্রধান বিরোধীদল লেবার পার্টি প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছে বলে জানিয়েছে দলটির একটি সূত্র।
মঙ্গলবার এ অনাস্থা প্রস্তাব আনা হলে বুধবারই তার ওপর ভোট হতে পারে বলে সূত্রটি প্রত্যাশাও করছে।
অনাস্থা প্রস্তাব আনার অর্থ হচ্ছে পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী সব দলের আইনপ্রণেতারা জনসনের সরকার বহাল থাকবে কি থাকবে না, তার ওপর ভোট দিতে পারবেন।
ভোটে বর্তমান সরকার উৎরাতে না পারলে তা নতুন জাতীয় নির্বাচনের পথও খুলে দিতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিভিন্ন জনমত জরিপে কনজারভেটিভরা লেবারদের তুলনায় পিছিয়ে থাকায় এবং টোরিরা তাদের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু করায় পার্লামেন্টের প্রধান বিরোধীদলের এবারের অনাস্থা প্রস্তাব সফল হওয়ার সম্ভাবনা কম।






