কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও সম্প্রতি বেড়েছে

ব্রিটেনের সর্বত্র আবারও কোভিড সংক্রমণ বাড়ছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস এর সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য পাওয়া গেছে। ব্রিটেনের আনুমানিক ২৩ লাখ মানুষ, অর্থাৎ প্রতি ৩০ জনের মধ্যে একজন করোনা ভাইরাসে আক্রান্ত। করোনায় আক্রান্তের হার আগের সপ্তাহের চেয়ে ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওমিক্রন থেকে উৎপত্তি হওয়া দ্রুত সংক্রমনশীল দুটি নতুন সাব-ভেরিয়েন্ট বিএ-ফোর এবং বিএ-ফাইভ। এই নতুন দুই সাব-ভেরিয়েন্ট থেকেই সম্প্রতি কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

ব্রিটেনের চারটি দেশেই কোভিড আক্রান্তের হার বাড়ছে। স্কটল্যান্ডে আক্রান্তের হার বেশী। গত সপ্তাহে স্কটল্যান্ডে প্রতি ১৮ জনে একজন কোভিডে আক্রান্ত ছিল; নর্দার্ন আয়ারল্যান্ডে প্রতি ২৫ জনে একজন এবং ওয়েলস ও ইংল্যান্ডে গত সপ্তাহে প্রতি ৩০ জনে একজন কোভিডে আক্রান্ত হয়। কিন্তু কোভিডে আক্রান্ত বাড়লেও এখনকার আক্রান্তের হার মার্চ মাসের হারের অর্ধেক, আর জানুয়ারির সাথে তুলনা করলে সংক্রমণের হার অনেক কম। বর্তমানে সংক্রমণের প্রবণতা অবশ্য বেশিদিন স্থায়ী হবেনা বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ সামনে গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ হয়ে যাবে।

কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও সম্প্রতি বেড়েছে। কেবল ইংল্যান্ডে এই মুহূর্তে ৯ হাজারের কিছু কম কোভিড রোগী হাসপাতালে ভর্তি আছেন। মার্চ মাসের সাথে তুলনা করলে এই মুহূর্তে কোভিড রোগীর সংখ্যা যেমন কম, হাসপাতালে ভর্তি রোগী সংখ্যাও এপ্রিল মাসের সাথে তুলনা করলে এই মুহূর্তে অনেক কম। এপ্রিলে হাসপাতালে কোভিড রোগীর সংখ্যা ছিল ১৬ হাজার ৬শ।

এদিকে লন্ডনের পরিস্থিতি আলাদাভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, পুরো ইংল্যান্ডে সবচেয়ে বেশী কোভিড সংক্রমণের হার লন্ডনে। ইংল্যান্ডে প্রতি ৩০ জনে একজন আক্রান্ত হলেও কেবল লন্ডনে প্রতি ২৭ জনে একজন কোভিডে আক্রান্ত।