লাবণ্যময় ত্বকের জন্য ত্বক পরিষ্কার এবং আর্দ্র রাখাটা ভীষণ প্রয়োজনীয়। টোনিংও আবশ্যক। রোজ মুখ পরিষ্কার করতে দারুণ কাজে দেবে প্রাকৃতিক উপকরণ বেসন। স্বাভাবিক ও শুষ্ক ত্বকের জন্য ছোলার ডালের বেসনের সঙ্গে প্রয়োজনমতো গোলাপজল মিশিয়ে ২ থেকে ৩ মিনিট মুখে মালিশ করে ধুয়ে ফেলুন। আর ত্বক তৈলাক্ত প্রকৃতির হলে মটর ডালের বেসনের সঙ্গে প্রয়োজনমতো গোলাপজল বা পানি মিশিয়ে একইভাবে ব্যবহার করুন। এমনটাই পরামর্শ দিলেন হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমি।
এই কয়েকটা দিন প্রাকৃতিক ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। তাঁর কাছ থেকেই ধাপগুলো জেনে নেওয়া যাক।
ত্বক যদি হয় স্বাভাবিক ও শুষ্ক
ধাপ ১: বেসন দিয়ে নিয়মমাফিক মুখ পরিষ্কার করুন।
ধাপ ২: ১ চা-চামচ গ্লিসারিন (পানি মেশানো যাবে না) এবং ২ চা-চামচ জ্বাল দেওয়া দুধ একসঙ্গে ফেটিয়ে নিন।
ধাপ ৩: এই মিশ্রণ মুখে লাগানোর ১০ মিনিট পর প্যাক লাগাতে হবে। প্যাকের জন্য লাগবে ১ চা-চামচ ময়দা, ১ চা-চামচ চালের গুঁড়া, ১টি খেজুর (বাটা) এবং গোলাপজল (প্রয়োজনমতো)। এই প্যাকে স্ক্র্যাবিংয়ের কাজও হবে।
ধাপ ৪: প্যাক লাগানোর ৫ থেকে ৭ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
ধাপ ৫: ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।






