ইন্দোনেশিয়ার মাকাসার প্রণালিতে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। এতে ২৬ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়ার মধ্যে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় ফেরিটি ডুবে যায়। খবর এএফপির।
দেশটির সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, গত বৃহস্পতিবার ফেরিটি ডুবে যাওয়ার সময় ৪৩ জন যাত্রী ছিল। বোর্নিও ও সুলাউসি দ্বীপের মাঝামাঝি মাকাসার প্রণালিতে ফেরিটি ডুবে যায়।
স্থানীয় উদ্ধারকারী দলের প্রধান জুনাইদি বলেন, আজ শনিবার দুর্ঘটনার খবর তাঁদের কাছে পৌঁছেছে। তিনি বলেন, টাগবোটের সহায়তায় ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধার করতে ৪০ জন উদ্ধারকারী সমুদ্রে অনুসন্ধান করছে।
ইন্দোনেশিয়ায় প্রায়ই নৌদুর্ঘটনা ঘটে। ১৭ হাজার দ্বীপ নিয়ে গড়ে ওঠা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নৌনিরাপত্তা অপ্রতুল। গত সপ্তাহে আট শতাধিক যাত্রী নিয়ে পূর্বাঞ্চলীয় নুসা টেংগারা প্রদেশের ডুবোচরে একটি ফেরি আটকা পড়ে। দুই দিন চেষ্টার পর ফেরিটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।
এর আগে ২০১৮ সালে সুমাত্রা দ্বীপে বিশ্বের সবচেয়ে গভীর লেকে একটি ফেরি ডুবে যায়। ফেরি দুর্ঘটনায় দেড় শতাধিক মানুষ ডুবে যায়।






