কোভিড-১৯ লকডাউন চলার সময় আইন ভঙ্গ করে পার্টি করায় পার্লামেন্টে ক্ষমা চেয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রথমে লকডাউন পার্টির অভিযোগ অস্বীকার করলেও পরে পুলিশের তদন্তে জনসনের অপরাধ প্রমাণিত হয়। এরপরই প্রথমে বৃটিশ নাগরিকদের কাছে পরে মঙ্গলবার পার্লামেন্টে ক্ষমা চান প্রধানমন্ত্রী। এছাড়া পুলিশ তাকে ৫০ পাউন্ড জরিমানাও করেছে।
ডয়চে ভেলে জানিয়েছে, ক্ষমতায় থাকা অবস্থায় এমন শাস্তির মুখে পড়া প্রথম বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পুলিশ যদিও আগেই এই শাস্তি ঘোষণা করেছিল। তবে শাস্তি পাওয়ার পর মঙ্গলবার প্রথম পার্লামেন্টের মুখোমুখি হতে হয় জনসনকে। তার সঙ্গে জরিমানা করা হয়েছে বৃটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাককেও। পার্লামেন্টে তাদের দুই জনের পদত্যাগ দাবি করেছেন বিরোধী নেতারা।






