স্ট্যামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) পাঁচ বছরের (২০১৬-২০ সাল) তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।
পরিবেশ অধিদপ্তরের বায়ুমান সূচক অনুসারে, শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১ থেকে ১০০ ‘মোটামুটি’, ১০১ থেকে ১৫০ পর্যন্ত ‘সতর্কতামূলক’, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুব অস্বাস্থ্যকর’, ৩০১ থেকে ওপরে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ বা ‘দুর্যোগপূর্ণ’।
তথ্য-উপাত্তে দেখা গেছে, দৈনিক গড় বায়ুমান সূচকে ঢাকায় দূষণ সবচেয়ে কম থাকে বিকেল ৪টার দিকে (সূচক ১২৫ বা ‘সতর্কতামূলক’); অর্থাৎ সর্বনিম্ন দূষণের সময়টাতেও বিশুদ্ধ বায়ু গ্রহণের সুযোগ নেই ঢাকাবাসীর।
উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ঢাকায় বিকেল চারটার পর দ্রুত বাড়তে থাকে দূষণ, যা সর্বোচ্চ পর্যায়ে থাকে মধ্যরাতে। এরপর ধীরে ধীরে কমে ভোর ছয়টার দিকে হয় ১৫৪ বা অস্বাস্থ্যকর। দুই ঘণ্টা পর তা কিছুটা বেড়ে হয় ১৫৭। পরবর্তী সময়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দূষণ দ্রুত কমতে থাকে।





