লন্ডনের উবার চালকদের জন্য সুখবর। বৃহস্পতিবার থেকে বৃহত্তর লন্ডন অঞ্চলে উবারের ভাড়া ১০ শতাংশ বাড়ছে। পিক টাইমে এয়ারপোর্ট ট্রিপের ভাড়াও ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। ২০১৭ সালের পর এই প্রথমবার উবারের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিলো উবার কর্তৃপক্ষ। হতাশ হয়ে উবার থেকে মুখ ফিরিয়ে নেয়া ক্যাব ড্রাইভারদের ফিরিয়ে আনতে এবং যাত্রীদের দ্রুত সেবা দেয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার ভাড়া বৃদ্ধির এই খবর ড্রাইভারদের অবহিত করা হয়েছে।
উবারের ভাড়া ঢালাওভাবে বৃদ্ধির ফলে লন্ডনের বাসিন্দাদের বাড়তি ভাড়া গুনতে হবে; এমনকি দিনের বেলা অফ-পিক সময়ের যাতায়াতেও বেশী ভাড়া গুনতে হবে লন্ডনারদের। নতুন সিদ্ধান্তের ফলে লন্ডনে উবারের সর্বনিম্ন ভাড়া ৫ পাউন্ড থেকে বৃদ্ধি পেয়ে সাড়ে ৫ পাউন্ড হবে।
উবারের সেবা গ্রহণকারীরা হিথরো কিংবা গেটউইক যেতে হলে ১০ শতাংশের উপর আরও ১৫ শতাংশ বেশী ভাড়া দেবেন।






