১৯ নভেম্বর কয়েক ঘণ্টার জন্য চাঁদ এবং সূর্যের মাঝামাঝি থাকবে পৃথিবী। এতে সূর্যের আলোর প্রভাবে পৃথিবীর ছায়া পড়বে চন্দ্রপৃষ্ঠে। সে ছায়ায় চাঁদের প্রায় পুরোটা ঢাকা পড়বে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে চাঁদের দৃশ্যমান অংশের ৯৭ শতাংশ সূর্যের আলো থেকে বঞ্চিত হবে। শতভাগ ঢাকা না পড়ায় এটাকে আংশিক চন্দ্রগ্রহণ বলা হচ্ছে। সে সময় লালচে রং ধারণ করবে চাঁদ। আর শেষ দিকে পিনামব্রাল চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশ থেকেও।
চাঁদের অবস্থান দিগন্তরেখার ওপরে থাকলেই কেবল চন্দ্রগ্রহণ দেখা সম্ভব। সে দিক থেকে এবারের গ্রহণের পুরোটা সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর আমেরিকার দেশগুলো থেকে। এনডিটিভির খবরে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও দৃশ্যমান হবে এবারের গ্রহণ।