খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে বিদেশগামীদের কোভিডের নমুনা পরীক্ষার ২ কোটি ৫৮ লাখ টাকার হিসাব মিলছে না। হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) প্রকাশ কুমার দাশ এই টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিন দিন ধরে অফিসও করছেন না।
প্রকাশ কুমার যেন দেশত্যাগ করতে না পারেন, সে জন্য সিভিল সার্জনের কার্যালয় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিঠি দেওয়া হয়েছে। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ।






