লিওনেল মেসি বিদায় নিয়েছেন, আর খাদের কিনারে চলে গেছে বার্সেলোনা। অন্তত এমনটাই তো মনে হচ্ছিল গতকাল পর্যন্ত। লিগে প্রথম ৫ ম্যাচ থেকে মাত্র ৮ গোল আর ৯ পয়েন্ট পাওয়ার পর বার্সেলোনা কোচ রোনাল্ড কোমানের চাকরি নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল।
গত বৃহস্পতিবার কাদিজের বিপক্ষে ড্র করার পর তো ‘গেল’ ‘গেল’ রবই উঠে গিয়েছিল। দলে যে কজনের ওপর এখনো আশা রাখা যায়, তাঁদের একজন ফ্র্যাঙ্কি ডি ইয়ং লাল কার্ড দেখেছেন। কোচ রোনাল্ড কোমানও দেখেছেন লাল কার্ড। গতকাল লেভান্তে ম্যাচ নিয়ে তাই খুব একটা আশা ছিল না বার্সেলোনা সমর্থকদের মাঝে। অথচ লেভান্তে ম্যাচ শেষে দেখা যাচ্ছে, মেসিকে ছাড়াই বরং ভালো করছে বার্সেলোনা।
গতকাল লেভান্তের বিপক্ষে দুর্দান্ত খেলেছে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই প্রেসিং আর বল দখল দিয়ে প্রতিপক্ষের নাভিশ্বাস তুলে দিয়েছে বার্সা। ২-০ গোলে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হলেই তৃপ্ত থাকত দলটি। যোগ করা সময়ের প্রথম মিনিটে ম্যাচটা উৎসবের আমেজ এনে দিয়েছে ক্যাম্প ন্যুতে। ১০ মাস পর মাঠে ফিরেছেন ক্লাবের নতুন ১০ নম্বর আনসু ফাতি। মেসির জার্সির ভার নিতে হচ্ছে চোট থেকে সেরে ওঠা এক কিশোরকে। প্রত্যাবর্তনটা দুর্দান্তভাবেই না করলেন।
মাঝমাঠের একটু সামনে বল পেয়ে একাই টেনে নিয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে মাঠে নামার দশম মিনিটেই পেয়ে গেলেন গোল। ১০ মাস, ১০ জার্সি, ১০ মিনিট-ক্যাম্প ন্যু তখন ‘ফাতি’ ‘ফাতি’ রবে কাঁপছে।






