খিলগাঁও চৌধুরীপাড়ার ৬ নম্বর সড়কটি মুক্তিযোদ্ধা ও গণসংগীতশিল্পী ফকির আলমগীরের নামে রাখা হয়েছে

নিজের নামে একটি সড়কের নামকরণ হোক—এমনটাই চেয়েছিলেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর। মৃত্যুর কয়েক মাস আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলামের সঙ্গে আলাপে আলাপে এমন একটি ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন শিল্পী। কিন্তু করোনার কারণে দাপ্তরিক কাজ বন্ধ থাকায় জীবিত অবস্থায় তা দেখে যেতে পারেননি এই সংগীতশিল্পী। মৃত্যুর দুই মাসের মাথায় সিটি করপোরেশন বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়ে ফকির আলমগীরের নামে একটি সড়কের নাম করেছে।

ঢাকার খিলগাঁও চৌধুরীপাড়ার ৬ নম্বর সড়কটি মুক্তিযোদ্ধা ও গণসংগীতশিল্পী ফকির আলমগীরের নামে রাখা হয়েছে। এই সড়কেই ফকির আলমগীরের বাসা। গতকাল রোববার গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম তাঁর দ্বিতীয় মেয়াদের অষ্টম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আতিকুল ইসলাম জানান, শুধু নামকরণ নয়, সড়কে একটি ফলকও থাকবে, সেখানে একনজরে ফকির আলমগীর সম্পর্কে জানতে পারবেন পথচারীরা।