লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্য বিএনপির ভাংচুর

যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের সামনে  যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ চলাকালীন সময়ে কয়েকজন বিক্ষোভকারী বাধা উপেক্ষা করে হাইকমিশনের ভেতরে প্রবেশ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বাইরে এনে ভাংচুর করে ।

জানা গেছে, স্থানীয় সময় বুধবার বেলা ২টার দিকে যুক্তরাজ্য বিএনপির শতাধিক নেতাকর্মী খালেদা জিয়ার বিরুদ্ধে  মিথ্যা দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে দূতাবাস চত্বরে জড়ো হয় । তারা  ‘‘আমার নেত্রী আমার মা বন্দী হতে দেব না ’’ বলে শ্লোগান দেয় । এছাড়া তারা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নানা ধরনের আক্রমনাত্নক শ্লোগান দেয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক । তিনি বলেন  “ সরকার সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলায় সাজা দেয়ার ব্যবস্তা নিয়েছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়েরকৃত মিথ্যা মামলার বিচারিক প্রক্রিয়া অবিলম্বে বন্ধের জোর দাবি করেন।”

বিক্ষোভকারীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লন্ডন মহানগর বি এন পি সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন ।যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মোঃ জোবায়ের ইসলাম শিশির, মোঃ আনিসুল হক, আবদুর রহিম, লাকি আহমেদ , ছাত্র নেতা মাছউদুল হাসান , ছাত্রদল নেতা মাহমুদ উল্লাহ হান্নান ,যুবদল নেতা আব্দুল আলীম , ছাত্রনেতা মাহমুদুল হাসান রুবেল, ছাত্রদল নেতা মোঃ আব্দুস সামাদ, মোঃ নাঈম সহ আরও অনেকে ।

এই ঘটনায় বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই হামলার জন্য নিন্দা জানানো হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন ।