পর্দায় চরিত্রকে ঠিকঠাক ফুটিয়ে তুলতে কত কী-ই না করেন অভিনয়শিল্পীরা। কেউ ওজন কমান, কেউ আবার বেসামাল খেয়েদেয়ে ওজন বাড়ান, কেউ দিনের পর দিন জিম করে সিক্স প্যাক বানান। এত অসংখ্য প্রস্তুতির পরেই নামেন শুটিংয়ে। গত বৃহস্পতিবার ‘মাফিয়া’ ওয়েব ফিল্মের শুটিংয়ে যোগ দিয়েছেন মাহিয়া মাহি। থ্রিলার ঘরানার সিনেমা জন্য কী ধরনের প্রস্তুতি নিতে হয়েছে জানতে চাইলে মাহি বলেন, ‘বিশেষ প্রস্তুতি নেওয়া উচিত ছিল। চেষ্টা করেছিলাম। কিন্তু আমি একটু এলোমেলো। যে কারণে তেমন প্রস্তুতি নিইনি। তবে শুটিংয়ের সময় চরিত্রের মধ্যেই থাকার চেষ্টা করি। এখন থেকে ভাবছি পেশাদার হওয়ার কথা, আলাদা করে প্রস্তুতি নিয়েই শুটিংয়ে আসব।’






