বড় পর্দার বাইরে অন্য মাধ্যমে একসময় কাজ করতে চাইতেন না সিনেমার তারকারা। সেই জায়গায় এখন ভাগ বসাচ্ছে ওটিটি। কেউ কেউ এখন সিনেমার চেয়ে ওয়েব সিরিজ বা ফিল্মে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন বেশি। করোনার কারণে অর্ধশতাধিক ছবির মুক্তি আটকে আছে। এসব ছবি মুক্তি পাওয়ার আগে সামনে নতুন ছবি কম তৈরি হওয়ার আশঙ্কা আছে। অন্যদিকে বিশ্বব্যাপী ওয়েবের জোয়ারে পাল্টে যাচ্ছে দর্শকের রুচি। ফলে তারকারাও চলচ্চিত্রের বাইরে ওটিটিতে অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে উঠছেন।
ইতিমধ্যে আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, পরীমনি, সিয়াম, মাহিয়া মাহী, নুসরাত ফারিয়া, পূজা চেরিসহ একাধিক সিনেমার অভিনয়শিল্পী ওয়েবে নাম লিখিয়েছেন। নিয়মিত ওয়েবে কাজের প্রস্তাব পাচ্ছেন তাঁরা।






