জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ৩০ বছরের বেশি সময় ধরে প্রচারিত হয়ে আসছে। নানা সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জনগুরুত্বপূর্ণ স্থানে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে। হাজার হাজার আমন্ত্রিত দর্শকের উপস্থিতি থাকত ‘ইত্যাদি’র চিত্রধারণে। ব্যতিক্রম হয়েছে এবার, দর্শক ছাড়া ‘ইত্যাদি’র মূল পর্বে শুটিং হয়েছে।
‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬–এর ডিপোতে। পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।






